দেশজুড়ে ভারি থেকে অতিভারি বর্ষণের কারণে উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলেও দ্রুত পানি বাড়ছে, ফলে সেখানেও বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিকলীতে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ভোলা, ফেনী, ময়মনসিংহ, কুয়াকাটা (খেপুপাড়া), কুমিল্লা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, পটুয়াখালী ও নেত্রকোনাসহ বিভিন্ন জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারি (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিমি) থেকে অতিভারি (৮৮ মিমির বেশি) বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদরা জানান, উত্তরাঞ্চলে গভীর সঞ্চালনশীল বজ্রমেঘ তৈরি হওয়ায় এই বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে মৌসুমি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় সাগর থেকে আর্দ্র বাতাস প্রবাহিত হয়ে বৃষ্টিপাত বাড়াচ্ছে।
নৌ দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম সমুদ্রবন্দর, কক্সবাজার সমুদ্রবন্দর, মোংলা সমুদ্রবন্দর ও পায়রা সমুদ্রবন্দর-কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বন্যা পরিস্থিতির বিষয়ে জানা গেছে, চারটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে নেত্রকোনার ভুগাই-কংশ নদী বিপৎসীমার ৮২ সেন্টিমিটার, সোমেশ্বরী নদী ৫০ সেন্টিমিটার এবং মগরা নদী ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মৌলভীবাজারর মনু নদী বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা পার্থ প্রতীম বড়ুয়া জানান, নেত্রকোনা ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও বন্যার ঝুঁকি বাড়ছে।






















