শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করা হবে। প্রাথমিকভাবে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে এই সুবিধা দেওয়া হবে এবং পর্যায়ক্রমে তা সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে বিশেষজ্ঞদের মাধ্যমে ড্রেস ও ব্যাগের ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। বিজিএমইএ’র পক্ষ থেকে প্রাথমিকভাবে এক লাখ শিক্ষার্থীকে ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
সভায় উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) আওতায় বাস্তবায়ন করা হবে এবং আগামী অর্থবছরে বড় পরিসরে সম্প্রসারণ করা হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে বিনামূল্যে বই ও মিড-ডে মিল পেয়ে থাকলেও এবার থেকে তাদের পোশাক, ব্যাগ ও জুতাও দেওয়া হবে। সারা দেশে ছেলে ও মেয়েদের জন্য নির্ধারিত থাকবে একই রঙ ও ডিজাইনের ড্রেস, ব্যাগ ও জুতা।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আর্থিক বাধা আরও কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।






















