সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে সড়ক নিরাপত্তা নিয়ে বৈঠক করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, দুর্ঘটনা কমানোর উপায় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার ইতোমধ্যে বহুমাত্রিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক অবকাঠামো উন্নয়ন, মহাসড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু, চালকদের প্রশিক্ষণ জোরদার এবং আইন প্রয়োগ বৃদ্ধি।
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিক সচেতনতা এবং সামাজিক আন্দোলনের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম, গণমাধ্যমে প্রচারণা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সম্পৃক্ততা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী নিসচার কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটির দীর্ঘদিনের আন্দোলন ও সচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এদিকে, নিসচার প্রতিনিধিরা সড়ক দুর্ঘটনা কমাতে মহাসড়কে গতিনিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার, চালকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা শিক্ষা বাধ্যতামূলক করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে সচেতনতা বাড়ানোরও প্রস্তাব দেন তারা।
মন্ত্রী এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান।
বৈঠক শেষে উভয় পক্ষই ভবিষ্যতে যৌথভাবে কাজ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।






















