বিএনপি ক্ষমতায় এলে দেশে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় স্বাধীনতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা–২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি। তিনি বলেন, হিন্দুদের জানমাল আমাদের কাছে আমানত, তাদের সাংবিধানিক ও মৌলিক অধিকার পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পাথরঘাটা হাইস্কুল মাঠে তার সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, সংবিধান অনুযায়ী হিন্দু সম্প্রদায় মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে—এটি নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার।
বক্তব্যে তিনি একটি দলের সমালোচনা করে অভিযোগ করেন, ইসলাম নামধারী একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং এখনো ভিন্ন কৌশলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের রাজনীতি দেশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একাত্তরের মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে। স্বাধীনতাবিরোধী শক্তির রাজনীতি এ দেশে গ্রহণযোগ্য হতে পারে না বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।
জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়।
সভায় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন মল্লিক, বেতাগী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়র শাজাহান কবির, বামনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রানা, পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এছাড়া স্থানীয় সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। স্কুল মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও ভবনের ছাদেও মানুষের ভিড় লক্ষ্য করা যায়।





















