রাজধানীর হাতিরঝিলের ২ নম্বর গেট এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খান (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল হানিফ খান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা এবং রফিকুল খানের ছেলে। তিনি রাজধানীর হাতিরঝিল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী পথচারী কামরুজ্জামান জানান, রাতে হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘাতক পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।





















