ঢাকা-বরিশাল মহাসড়ক-এর মাদারীপুরের ডাসার উপজেলায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এক অজ্ঞাত পুরুষ যাত্রী পুড়ে নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালপুর এলাকার মেলকাইয়ে সাকুরা পরিবহণ-এর একটি বাসে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে মেলকাই এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ইঞ্জিনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
এ সময় আতঙ্কিত যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন। তবে এতে এক যাত্রী বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান।
ঘটনার পর মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।
নিহত অজ্ঞাত ব্যক্তির দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
কয়েকজন যাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, বাসটিতে অতিরিক্ত জ্বালানি রাখা ছিল। সেই জ্বালানি লিক হলে হেলপার সেটি ঠিক করার চেষ্টা করেন। এ সময় কোনোভাবে আগুন লেগে দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে।
কালকিনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদার বলেন, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






















