চট্টগ্রামে একটি মাছ ধরার ট্রলার থেকে পাঁচ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিক।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারদের মধ্যে মিয়ানমারের নাগরিকরা হলেন— সৈয়দ আলম, সুলতান আহম্মদ, মো. ইউসুফ, মো. কাসিম ও ইসমাইল। এছাড়া বাংলাদেশি নাগরিক হিসেবে গ্রেফতার হয়েছেন শাহ আলম, আজম উল্লাহ, ফারুক ও ছানাউল্লাহ।
র্যাব জানায়, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান মাছ ধরার ট্রলারে করে চট্টগ্রামের দিকে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালানোর চেষ্টা করলে ৯ জনকে আটক করা হয়। পরে ট্রলার তল্লাশি করে ইঞ্জিন রুম থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা মিয়ানমার সীমান্ত এলাকা থেকে কম দামে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। সড়কপথে নজরদারি বাড়ায় তারা সমুদ্রপথে ট্রলার ব্যবহার করছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।






















