নাটোরের লালপুরে ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণা এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠন সূত্রে জানা যায়, নাটোর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকার সুস্পষ্ট অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে চার নেতাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন— ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. এনামুল হক (বিদ্যুৎ), লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মঞ্জুর রহমান রয়েল এবং যুগ্ম আহ্বায়ক মো. সাকিব হাসান।
একই সঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে।






















