দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে খালেদ মাহমুদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা যায়, খালেদ মাহমুদ সকালে জোহানেসবার্গ শহর থেকে এলিছপার্ক ইন্ড স্ট্রিট এলাকায় গাড়ি পার্কিংয়ে প্রবেশ করার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জোহানেসবার্গের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খালেদ মাহমুদ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালা বাজার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন এবং সেখানে তার মামার প্রোপার্টি ব্যবসা দেখাশোনা করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, খালেদ গত বছর দেশে এসে বিয়ে করেন। তার দেশে মা-বাবা, স্ত্রী ও তিন বোন রয়েছেন। হঠাৎ এই মৃত্যুর খবরে পরিবার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।






















