চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ১৪৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টির ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
ঘোষিত ফলে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৩ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৩৩ জন, নারী ২ লাখ ৪২ হাজার ৯৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই আংশিক ফলাফল পাওয়া যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যাশায় ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রদান করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন—এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন এবং এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।






















