বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নারীদের ভোটকক্ষে অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাহেরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নাত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, ভোটার না হওয়া সত্ত্বেও কেন্দ্রে অনধিকার প্রবেশ এবং নারীদের কক্ষে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাহেরুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না—এই মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ঘটনার সময় কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। এ সময় তিনি নারীদের ভোটকক্ষে প্রবেশ করলে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ও অন্যান্য দায়িত্বশীলরা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, তাকে প্রথমে কক্ষের বাইরে বসিয়ে রাখা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে তাহেরুল ইসলাম দাবি করেন, ওই কেন্দ্রে জামায়াতের কিছু নারী কর্মী ‘জান্নাতের টিকিট’ বিক্রির নামে ভোটারদের প্রভাবিত করছিলেন। বিষয়টি তিনি বাধা দিতে গেলে তাকে আটক করে জরিমানা করা হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।






















