রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারসহ ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশের মানুষ বহু বছর ধরে এ দিনের অপেক্ষায় ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।
সারা দেশে আগের রাতে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে—যা তার কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে।
ভোটার ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে ভোটাধিকার নিশ্চিত করতে। তিনি বলেন, জনগণ সারাদিন কেন্দ্রে উপস্থিত থাকলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।
নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তারেক রহমান বলেন, তিনি এবং তার দল জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী।
সম্ভাব্য সরকার গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। তার ভাষায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।
নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনি ইশতেহার অনুযায়ী নারীর ক্ষমতায়নে শুরু থেকেই কাজ করা হবে।
ভোটের পরিবেশ সম্পর্কে তাৎক্ষণিক মন্তব্য না করে তিনি বলেন, পর্যবেক্ষণের পর এ বিষয়ে মতামত জানাবেন।
সবশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি স্থিতিশীল ও সুন্দর বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান।






















