অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পরবর্তী সরকারের সামনে সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হবে ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক খাতকে শক্তিশালী করা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ব্যবসা সম্প্রসারণ ছাড়া কর্মসংস্থান তৈরি সম্ভব নয়। আর কর্মসংস্থান না বাড়লে মানুষের ক্রয়ক্ষমতাও দুর্বল থেকে যাবে। বিষয়টি দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত শিল্প ও ব্যবসা খাতকে পুনরুজ্জীবিত করা। কারণ, কর্মসংস্থান সৃষ্টি মূলত একটি শক্তিশালী ও প্রাণবন্ত বেসরকারি খাতের ওপর নির্ভরশীল।
তিনি আরও বলেন, বাংলাদেশের শিল্পভিত্তি এখনও তুলনামূলক ছোট এবং রপ্তানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা রয়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।
মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এটি এখনো উদ্বেগজনক এবং শুধু মুদ্রানীতি দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। মূল্যস্ফীতি মোকাবিলায় সমন্বিত ও বহুমাত্রিক পদক্ষেপ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
ব্যাংকিং খাত নিয়ে তিনি জানান, খাতটি পুনর্গঠনে কিছু উদ্যোগ নেওয়া হলেও সামনে আরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপগুলোর প্রশংসা করলেও তিনি বলেন, ঋণপ্রবাহ এখনো সীমিত এবং পুরোপুরি আস্থা ফিরে আসেনি। তবে আমানত কিছুটা বাড়তে শুরু করেছে।
ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের ওপর অতিনির্ভরতা কমাতে পুঁজিবাজার উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, শক্তিশালী বন্ড মার্কেট ও ইকুইটি অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদে ব্যবসা সম্প্রসারণ সম্ভব নয়।
নিয়ন্ত্রক সংস্কারে আইনি জটিলতা ও আদালত সংশ্লিষ্ট চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিমা খাতকে সংবেদনশীল উল্লেখ করে এর উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মত দেন।
জ্বালানি খাতকে দীর্ঘমেয়াদি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, অফশোর এলাকাসহ অভ্যন্তরীণ জ্বালানি অনুসন্ধান বাড়াতে হবে। একই সঙ্গে সৌরশক্তি উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।






















