• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

ক্ষমতায় গেলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা: জোবাইদা রহমান

| অনলাইন ডেস্ক ৫:১১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৯, ২০২৬ ব্রেকিং, রাজনীতি

বিএনপি ক্ষমতায় যেতে পারলে দেশে বিনামূল্যে শিক্ষার পরিসর বাড়ানো হবে এবং মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

রোববার রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবাবিষয়ক এক আলোচনা ও চা চক্র অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচ ও নিকেতন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে জোবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী। রাষ্ট্র গঠন ও উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে—নারী সাপোর্ট সেল গঠন, নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়ন, এবং অনানুষ্ঠানিক খাতে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি।

মাতৃস্বাস্থ্য সেবার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দেশের অনেক অন্তঃসত্ত্বা নারী এখনো চিকিৎসা সেবার অভাবে ঝুঁকিতে থাকেন। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ প্রসবের ব্যবস্থা জোরদার করা হবে এবং মা-শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

কন্যাশিশুদের বাল্যবিবাহের ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে, যাতে কোনো কন্যাশিশুর স্বপ্ন থেমে না যায়।

কর্মজীবী নারীদের নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গে তিনি বলেন, কর্মস্থল ও যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদ আবাসন, ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং সবেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া প্রবীণ নারীদের সুরক্ষায় মা-বাবার ভরণপোষণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, কোনো মা-বাবাকে যেন অবহেলার শিকার হতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।