দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন তিনি।
সফরসূচি অনুযায়ী শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার উপস্থিত থাকার কথা থাকলেও ভোর থেকেই জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল নামে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে এবং একপর্যায়ে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে হেলিকপ্টারযোগে অবতরণ করেন তারেক রহমান। সেখান থেকে তিনি সরাসরি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেন। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে শোভা পাচ্ছে ব্যানার-ফেস্টুন।
তিনি আরও জানান, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সভায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে বলে দাবি স্থানীয় বিএনপি নেতাদের।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে তারেক রহমান দুপুর দেড়টায় নীলফামারী এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে পৃথক নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।






















