নিজস্ব প্রতিবেদক : ঢাকা–১৩ সংসদীয় আসনে জাতীয়তাবাদী শক্তির রাজনীতিতে নতুন গতি এনেছেন ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতা তৃণমূলের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন। সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এই আসনের আলোচিত মুখ।
অনুসন্ধানে জানা যায়, তৃণমূল থেকে উঠে আসা এক নিবেদিত প্রাণ
ববি হাজ্জাজের রাজনৈতিক পথচলা শুরু তৃণমূল পর্যায় থেকেই। ছাত্রজীবন থেকে গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত থাকা এই নেতা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও তিনি কখনো সাধারণ মানুষের পাশ ছাড়েননি—এটাই স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের কাছে তাঁর বড় শক্তি।
ঢাকা–১৩ আসনের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য,শিক্ষা, কর্মসংস্থান ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই ববি হাজ্জাজের অগ্রাধিকার। তিনি মনে করেন, এই এলাকার মানুষের প্রধান চাওয়া হলো নিরাপদ জীবন, ন্যায্য অধিকার এবং স্বচ্ছ প্রশাসন। নির্বাচিত হলে তিনি সংসদে দাঁড়িয়ে ঢাকা–১৩ এর মানুষের বাস্তব সমস্যাগুলো জোরালোভাবে তুলে ধরবেন—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিভিন্ন জনসভা ও মতবিনিময় সভায়।
ঢাকা–১৩ আসনে ববি হাজ্জাজ নিয়মিত তরুণদের সঙ্গে মতবিনিময় করে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছেন। স্থানীয় অভিভাবক, যুবক ও সমাজকর্মীদের একত্রিত করে তিনি এসব উদ্যোগে ব্যক্তিগতভাবে সময় দিচ্ছেন, যা এলাকাজুড়ে প্রশংসিত হচ্ছে।
ববি হাজ্জাজকে প্রার্থী ঘোষণার পর থেকেই ঢাকা–১৩ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ওয়ার্ড থেকে থানা—সব পর্যায়ে চলছে সাংগঠনিক তৎপরতা। নেতাকর্মীরা বলছেন, ববি হাজ্জাজ একজন সহজ-সরল, মানুষের কথা শোনেন এমন নেতা—যিনি দল ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সক্ষম।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি শুধু নির্বাচনের সময় নয়, সবসময় মানুষের পাশে থাকবেন। সেই প্রত্যাশার জায়গা থেকেই অনেকেই ববি হাজ্জাজ়ের প্রতি আস্থা রাখছেন। তাদের বিশ্বাস, ধানের শীষের এই প্রার্থী ঢাকা–১৩ আসনে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারেন।






















