বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। গভর্নর বলেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করবে এবং বছর শেষে তা আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।
তিনি উল্লেখ করেন, অতীতে এ খাতে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছিল, যার প্রভাব কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপগুলো ইতিবাচক ফল দিচ্ছে বলে জানান তিনি। ভবিষ্যতে নির্বাচিত সরকার এসব সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন গভর্নর।
ড. মনসুর বলেন, দেশের অর্থনীতি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত না হলেও ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে। মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য এখনো অর্জিত না হলেও সে লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি বিনিয়োগ বাড়াতে নতুন সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এদিকে, একই দিনে দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় শক্তিশালী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠীকেন্দ্রিক ‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি’ গড়ে তুলতে চায় না। বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন সরকার কাজ করবে।





















