• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

জয়পুরহাট-২ থেকে প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী আব্দুল বারী, এলাকায় উৎসবের আমেজ

| অনলাইন ডেস্ক ৯:১৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ব্রেকিং, রাজনীতি, সারাবাংলা

প্রশাসনিক দক্ষতা ও জনসেবার অঙ্গীকার নিয়ে রাজনীতিতে এসেই বাজিমাত করেছেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সচিব আব্দুল বারী। প্রথমবার নির্বাচিত হয়েই তিনি প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এ খবরে পুরো নির্বাচনি এলাকায় বইছে উৎসবের আমেজ, চলছে মিষ্টি বিতরণ।

দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনি লড়াইয়েই তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬৫ হাজার ৫৪৮ ভোটের বড় ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকায় তিনি ‘ডিসি বারী’ নামেই বেশি পরিচিত।

কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিব সমুদ্র গ্রামে জন্ম নেওয়া আব্দুল বারী ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সচিব হিসেবে অবসরের পর গত এক বছর এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রশাসনে থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ছিলেন। তাদের বিশ্বাস—প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক দূরদর্শিতার সমন্বয়ে তিনি জয়পুরহাট-২ আসনকে উন্নয়নের আধুনিক মডেলে রূপ দেবেন।

ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম বলেন, মাঠ প্রশাসন থেকে সচিবালয়—সব স্তরে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এ অভিজ্ঞতা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইভাবে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমানও আশা প্রকাশ করে বলেন, তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা দেশের প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় জয়পুরহাট জুড়ে এখন গর্ব ও প্রত্যাশার মিশ্র অনুভূতি বিরাজ করছে।