• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ|৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন | বগুড়া-৬ আসনে উপনির্বাচন কাল, প্রস্তুতি সম্পন্ন | তারেক রহমান ও কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের | পটুয়াখালী কারাগারের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশে তোলপাড়। এডিএম ও জেল সুপারের দফায় দফায় বৈঠক, অভিযোগ ধামাচাপার নানা কৌশল | অভিযোগের তীর এডিএম এর দিকে পটুয়াখালী কারাগারের ক্যান্টিন বাণিজ্য, কারারক্ষীদের অসন্তোষ। পর্ব-৩ |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন : ইসি

| অনলাইন ডেস্ক ২:২৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৬ জাতীয়, ব্রেকিং

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ভোটারদের সুবিধার্থে ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, আগে ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকত না। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ভোটার স্লিপ ব্যবহার করা যাবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে নির্বাচনি উপকরণ বিতরণ শুরু হয়েছে এবং দিনের মধ্যেই সব কেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোট হবে। শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু ভোটগ্রহণে সব প্রস্তুতি শেষ। নিরাপত্তা নিশ্চিতে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ২৯৯ আসনের ব্যালট পেপার ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং অন্যান্য উপকরণও পর্যায়ক্রমে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে।

ভোট চলাকালে প্রতি দুই ঘণ্টা পরপর নির্বাচনি পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটদানের হার সম্পর্কে রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করবে ইসি। ভোট শেষে প্রিসাইডিং কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে ‘প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ফল ঘোষণা করা হবে।

নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানেও নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। আজ সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার ভোটার ছাড়া অন্য কেউ সেখানে অবস্থান করতে পারবেন না। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও পোস্টাল ব্যালট পরিবহণের সুবিধার্থে ডাক বিভাগের যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। দেশ-বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থাও রাখা হয়েছে।

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে আংশিক অনুমতি দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসার, কেন্দ্রের পুলিশ ইনচার্জ, নির্দিষ্ট আনসার সদস্য, সাংবাদিক-পর্যবেক্ষক, প্রার্থী, এজেন্ট ও ভোটার ফোন সঙ্গে রাখতে পারবেন। তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ৫৪০ জন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। তাদের মধ্যে ইইউ, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

ভোটারদের কেন্দ্রে যাওয়ার আগে ভোটার নম্বর, কেন্দ্র ও তালিকার ক্রমিক নম্বর জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ইসি। প্রয়োজনীয় তথ্যের জন্য টোল-ফ্রি নম্বর ১০৫-এ যোগাযোগ করা যাবে। এছাড়া ‘Smart Election Management BD’ অ্যাপের মাধ্যমেও ভোটকেন্দ্রের অবস্থানসহ নির্বাচনি তথ্য জানা যাবে।

ঢাকায় ভোটারদের যাতায়াত সুবিধার্থে ভোটের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।