চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এসব অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, দুই নেতার বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও জানান, মামলাটিতে আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে আদালত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য নতুন তারিখ নির্ধারণ করবেন।
এদিকে মামলার অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে গ্রেফতার অবস্থায় কারাগারে রয়েছেন।






















