দায়বদ্ধতার রাজনীতিতে আস্থার প্রতীক শেখ রবিউল আলম
নিজস্ব প্রতিবেদক : ঢাকা–১০ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমের গণসংযোগ ও পথসভা দিন দিন জনসমর্থনে নতুন মাত্রা যোগ করছে। দলীয় নেতাকর্মী, সাধারণ ভোটার, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাঁর কর্মসূচি পরিণত হচ্ছে গণমানুষের মিলনমেলায়।
সাম্প্রতিক এক কর্মসূচিতে ধানের শীষ হাতে নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, “এই আন্দোলন বা রাজনীতি ক্ষমতা প্রদর্শনের জন্য নয়; এটি জনগণের অধিকার, ন্যায়বিচার ও দায়বদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম।”
গণসংযোগকালে শেখ রবিউল আলম সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পর এমন একজন প্রার্থী পেয়েছেন, যিনি শুধু নির্বাচনের সময় নয়—সব সময় জনগণের পাশে আছেন এবং থাকবেন।
ধানের শীষের সমর্থনে মিছিল ও পথসভায় ধানমন্ডি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কমিশনার ও বর্তমান আহ্বায়ক মোঃ শফিক

উদ্দিন ভূইয়াসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা জানান, শেখ রবিউল আলম একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক, যিনি এলাকায় নীরবে সংগঠন গড়ে তুলেছেন এবং মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থেকেছেন।
গণসংযোগে অংশ নেওয়া একাধিক ভোটার বলেন, “আমরা শুধু উন্নয়ন নয়, সুশাসন ও নিরাপদ ভবিষ্যৎ চাই। শেখ রবিউল আলম সেই বিশ্বাসের জায়গা তৈরি করতে পেরেছেন।”
শেখ রবিউল আলম আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে গণতন্ত্র পুনরুদ্ধার করতে। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা–১০ আসনের জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা–১০ আসনে শেখ রবিউল আলমের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। মাঠের রাজনীতি ও জনসংযোগে তাঁর সক্রিয় উপস্থিতি ধানের শীষের পক্ষে ইতিবাচক বার্তা দিচ্ছে।






















