বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (পেকুয়া–চকরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি। ধানের শীষে ভোট দিলে দেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেখানে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার কেউ হরণ করতে পারবে না।
শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার অষ্টম দিনে চকরিয়া পৌরসভার কাজীপাড়ায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দেশের সন্তানরা ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সে জন্য ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দিনের শুরুতে সালাহউদ্দিন আহমদ চকরিয়া পৌরসভা এলাকার বিশিষ্ট আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। পরে বিমানবন্দরপাড়া, জালিয়াপাড়া, হিন্দুপাড়া, আমাইন্নারচর হালকাকারা, তরচপাড়া ও সিকদারপাড়াসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান।
এ সময় চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়জী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সাবেক যুগ্ম সম্পাদক এম আলী আকবরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















