বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানো এবং বিচার ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দেশের সাতটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এ কার্যক্রমের আওতায় রয়েছে বগুড়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট।
এর আগে বগুড়ায় পৌঁছে তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি-এর নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।
সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে সড়কপথে বগুড়া সার্কিট হাউস-এ পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি। সফরে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সঙ্গী ছিলেন। বগুড়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বগুড়ায় দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ, হাম (মিজলস) টিকাদান ক্যাম্পেইনে অংশগ্রহণ এবং নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন।
এছাড়া বিকেলে বিএনপি আয়োজিত একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে রাতে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।






















