পরীক্ষার খাতা মূল্যায়নে কঠোরতা আরোপের ঘোষণা দিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, অতীতে পাশের হার বাড়ানোর উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে খাতা যথাযথভাবে মূল্যায়ন না করেই শিক্ষার্থীদের পাশ করানো হয়েছে, যা এবার আর হবে না।
রোববার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা অঞ্চলের অধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষার খাতা মূল্যায়ন হবে সম্পূর্ণ স্বচ্ছভাবে। শিক্ষার্থীরা যা লিখবে, সেই অনুযায়ীই নম্বর দেওয়া হবে। কোনো ধরনের ছাড় বা অতিরিক্ত নম্বর দেওয়ার সুযোগ থাকবে না।
সভায় জানানো হয়, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে কঠোর নজরদারি থাকবে। পরীক্ষাকেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় রাখা হবে এবং বিদ্যুৎ বা প্রযুক্তিগত সমস্যার অজুহাত গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনে সংরক্ষিত ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে র্যান্ডম চেকিং এবং রি-এক্সামিনেশন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। এর ফলে যারা প্রত্যাশিত নম্বর পায়নি, তারা উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, চলতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র ও সময়সূচি পূর্ববর্তী সরকার নির্ধারণ করে গেছে, এতে তার কোনো ভূমিকা ছিল না। ফলে এবারের ফলাফল কেমন হবে তা নিয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, আগামী ছয় মাসের মধ্যে শিক্ষকদের বেতনসহ যৌক্তিক দাবি-দাওয়া বিষয়ে ইতিবাচক অগ্রগতি জানানো সম্ভব হবে।






















