দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলের নেতাকর্মীদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ডে যদি এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বরং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।
এ সময় তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে প্রতিটি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। তাই উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, যেকোনো মূল্যে এলাকার উন্নয়ন এবং শান্তিশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে হবে।






















