বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে শতভাগ করার বিষয়ে কাজ চলছে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সরকারি কর্মচারীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা তা পান না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ভাতার বিষয়টি তার জানা রয়েছে এবং বর্তমান সরকারের মেয়াদেই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, এবারই সমাধান হবে”—যোগ করেন তিনি।
এর আগে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা ঘুষ বাণিজ্য হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া দ্রুত চালু করার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যত দ্রুত সম্ভব বদলি কার্যক্রম শুরু করা হবে। এ ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থায় কোনো ত্রুটি থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।






















