• আজ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ|৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
শিরোনাম
 হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ | কেএমপি কমিশনার জাহিদুল হাসানকে ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা | খুলনা বিভাগে আলোচনার কেন্দ্রবিন্দু ডিআইজি রেজাউল হক, অপপ্রচার নিয়ে প্রশ্ন | পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির আদেশ | কারা অধিদপ্তরে ‘বিশেষ আস্থাভাজন’ কে এই নূর-ই আলম সিদ্দিকী? আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগে প্রশ্নের মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার | অন্তর্বর্তী সরকারে হামের টিকা আমদানি হয়নি : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক | দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত বিপর্যস্ত: প্রতিমন্ত্রী মুহিত | সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচার ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির সূচনা | খাতা মূল্যায়নে কঠোরতা, ‘যা লিখবে তাই নম্বর’—শিক্ষামন্ত্রী মিলন |

শেরপুরে বিএনপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ, জামায়াত কর্মীদের বিরুদ্ধে মামলার দাবী

| অনলাইন ডেস্ক ১:২৯ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ব্রেকিং, সারাবাংলা

শেরপুরে বিএনপি প্রার্থীর এক নির্বাচনি এজেন্টকে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া–বালুরঘাট নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গিয়াস উদ্দিন রাসেল মিয়া (৩৫) বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

জানা গেছে, তিনি শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা-র প্রধান নির্বাচনি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল অভিযোগ করে বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং নির্বাচনে এজেন্ট থাকায় তাকে টার্গেট করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয় কয়েকজন জামায়াত সমর্থকের নেতৃত্বে ১২–১৩ জনের একটি দল তার ওপর হামলা চালায়।

তিনি জানান, একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি তাকে অনুসরণ করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া আরও কয়েকজন হামলাকারী তাকে মারধর করে। প্রাণ বাঁচাতে পাশের একটি দোকানে আশ্রয় নিলেও সেখানেও ঢুকে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আহত এজেন্টকে দেখতে হাসপাতালে যান স্থানীয় বিএনপি নেতারা। এ সময় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনের পর থেকেই বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএনপি প্রার্থী প্রিয়াংকাও প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।